ঢাকা, শুক্রবার, ১৯ জুন, ২০২৬

প্রতিমন্ত্রীর ‘ছেলেদের নামে’ দুই ইউনিয়নের নামকরণ, বদলানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

ads

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের দুই ছেলের নামের সঙ্গে মিলে যাওয়ায় এবং বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হওয়ায় বগুড়ার দুই ইউনিয়নের নাম বদলানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় কার্যক্রম শুরু হয়েছে বলেও জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।


শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় জেলা প্রশাসক বলেন, ‘নামগুলো পরিবর্তন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন। উনার মৌখিক নির্দেশনা অনুযায়ী, আমরা প্রশাসনিক প্রক্রিয়া শুরু করবো। আশা করি, নাম পরিবর্তনের বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় বা সংশ্লিষ্ট কোনো দপ্তর থেকে দাপ্তরিক চিঠি আসতে পারে।’


মো. তৌফিকুর রহমান আরও বলেন, ‘মোকামতলা উপজেলার ইউএনও সাহেব আবার গণশুনানি করবেন। যেখানে যেখানে নাম পরিবর্তনের বিষয় আছে, সেই ইউনিয়নগুলোতে নতুন করে তারিখ দেওয়া হবে। গণশুনানির মাধ্যমে যে নাম উঠে আসবে, সেটাই হয়তো করা হবে।’


জেলা প্রশাসনের সূত্র জানা গেছে, নতুন নাম চূড়ান্ত হওয়ার পর যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তা গেজেট আকারে প্রকাশ করা হবে।


এর আগে, গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নবগঠিত মোকামতলা উপজেলায় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ নামে দুটি ইউনিয়নের নামকরণ করা হয়।


অভিযোগ উঠে, প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বড় ছেলে মীর শাকরুল আলম সীমান্ত এবং ছোট ছেলে মীর সাকলাইন আলম দিগন্তের নামের সঙ্গে নবগঠিত সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নামকরণ করা হয়েছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। নামকরণের প্রক্রিয়া ও গণশুনানি নিয়েও প্রশ্ন উঠে। আলোচনা এমনভাবে ছড়িয়ে পড়ে যে, বিষয়টি জাতীয় সংসদেও তোলা হয়।


তবে বিষয়টি নিয়ে সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম দাবি করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক যাচাই-বাছাই এবং গণশুনানির মাধ্যমে নতুন ইউনিয়নগুলোর নাম নির্ধারণ করেছেন। নাম নির্ধারণের ক্ষেত্রে স্থানীয় মানুষের মতামত নেওয়া হয়েছে।


তিনি আরও বলেন, সৈয়দপুর ইউনিয়নের সংশ্লিষ্ট এলাকা গাবতলী ও সোনাতলা উপজেলার সীমান্তে হওয়ায় নতুন ইউনিয়নের নাম ‘সীমান্ত’ রাখা হয়েছে। অন্য এলাকার ভৌগোলিক অবস্থান বিবেচনায় ‘দিগন্ত’ নাম দেওয়া হয়েছে। তার দুই ছেলের নামের সঙ্গে ইউনিয়ন দুটির নাম মিলে যাওয়াকে তিনি কাকতালীয় বলে দাবি করেন।


জাতীয় সংসদে প্রতিমন্ত্রী শাহে আলমের এমন ব্যাখ্যার পরেও বিষয়টি নিয়ে আলোচনা–সমালোচনা চলতে থাকে। যার পরিপ্রেক্ষিতে ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


বিষয়টি নিয়ে বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে একটি পোস্টও দেওয়া হয়েছে। পোস্টে জেলা প্রশাসকের বরাত দিয়ে জানানো হয়েছে, বগুড়ার মোকামতলা উপজেলার নবগঠিত ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করা হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page